ডার্কসোয়ার্ড স্পাইওয়্যার থেকে আইফোন ব্যবহারকারীরা কি সত্যিই নিরাপদ
· Prothom Alo

সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আইফোনকে লক্ষ্য করে ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যারের হামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে চলা ভয়ংকর এ সাইবার হামলার সংবাদ প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও বর্তমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, স্পাইওয়্যারটি যে নিরাপত্তা–দুর্বলতাকে কাজে লাগিয়েছে, তা আগেই সমাধান করা হয়েছে। ফলে অধিকাংশ আইফোন ব্যবহারকারী এখন ঝুঁকিমুক্ত।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অ্যাপল জানিয়েছে, স্পাইওয়্যারটি আইওএসের যেসব ত্রুটিকে কাজে লাগিয়ে সাইবার হামলা চালিয়েছে, সেগুলো গত বছরই শনাক্ত করে সমাধান করা হয়েছে। এ ছাড়া ১১ মার্চ আইওএস ১৫ ও আইওএস ১৬ সংস্করণের জন্য জরুরি নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করা হয়েছে। আর তাই বর্তমানে আইওএস ১৫ থেকে আইওএস ২৬ পর্যন্ত সংস্করণ ব্যবহারকারীরা ‘ডার্কসোয়ার্ড’ স্পাইওয়্যারের ঝুঁকি থেকে সুরক্ষিত।
Visit asg-reflektory.pl for more information.
অ্যাপলের তথ্য অনুযায়ী, যেসব আইফোনে এখনো আইওএস ১৩ বা আইওএস ১৪ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, সেগুলো ডার্কসোয়ার্ড স্পাইওয়্যারের হামলার ঝুঁকিতে রয়েছে। আর তাই পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করা আইফোনগুলোয় কমপক্ষে আইওএস ১৫ ব্যবহার করতে হবে। এ বিষয়ে শিগগিরই পুরোনো আইওসে চলা আইফোন ব্যবহারকারীদের ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা হালনাগাদ’ ইনস্টলের জন্য সতর্কবার্তা পাঠানো হবে।
নিরাপত্তাবিষয়ক গবেষকদের তথ্যমতে, কোনো ফাইল ডাউনলোড বা ইনস্টল না করলেও পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ছড়িয়ে পড়তে পারে ডার্কসোয়ার্ড স্পাইওয়্যার। এমনকি ডার্কসোয়ার্ড স্পাইওয়্যারযুক্ত ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলেও স্পাইওয়্যার আক্রান্তের ঝুঁকি রয়েছে।
সূত্র: ম্যাশেবল