নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে কাজ করবেন কুমিল্লার নতুন প্রশাসক ইউসুফ

· Prothom Alo

কুমিল্লাসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এতে কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা (টিপু)। ইউসুফ মোল্লা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় বিএনপির নেতা–কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. ইউসুফ মোল্লা প্রথম আলোকে বলেছেন, দায়িত্ব গ্রহণ করেই নগরবাসীকে তিনি যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করবেন।

Visit catcross.org for more information.

ইউসুফ মোল্লা কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকার আব্দুল গফুর মোল্লার ছেলে। ২০২৫ সালে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ২০২২ সাল থেকে মহানগর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ইউসুফ মোল্লা রাজনৈতিক জীবনের শুরুতে কুমিল্লা শহর ছাত্রদলের সভাপতি ছিলেন। এরপর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। মহানগর বিএনপির নেতৃত্বে আসার আগে ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউসুফ মোল্লা মূলত আলোচনায় আসেন করোনাকালে। তিনি তখন ‘বিবেক’ নামে একটি মানবিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা করেন। সেই সংগঠনের মাধ্যমে নগরবাসীর ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিলেন তিনি। করোনাকালে যখন সন্তান বাবার লাশ স্পর্শ করত না, স্ত্রী স্বামীর পাশে দাঁড়াত না, তখন ইউসুফ মোল্লার নেতৃত্বে বিবেক সংগঠনই মানুষের পাশে দাঁড়িয়েছিল। তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন ও সৎকার করেছেন। এর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে বিবেক। ইউসুফ মোল্লা বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, মিছিল, সম্মেলন ও দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। তবে মানবিক কর্মকাণ্ডের জন্য নগরবাসীর কাছে বেশি গ্রহণযোগ্য তিনি।

প্রশাসক হিসেব নিয়োগ পেয়ে ইউসুফ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুমিল্লা নগরের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

নগরবাসীর সহযোগিতা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কুমিল্লা সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবেন বলে জানান ইউসুফ মোল্লা। নগরের অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা বাড়ানোয় অগ্রাধিকার দেবেন বলে তিনি জানান।  

প্রথম কোন কাজটি করবেন, জানতে চাইলে ইউসুফ মোল্লা বলেন, ‘নগরে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যানজট। ফুটপাত থেকে সড়কগুলো দখল হয়ে যাওয়ায় মানুষের হাঁটাচলার পরিস্থিতি নেই। আমি নগরবাসীকে স্বস্তি দিতে প্রথমেই যানজট নিরসনে কাজ করব। এরপর পর্যায়ক্রমে সব কাজ করা হবে।’

প্রসঙ্গত, শনিবার কুমিল্লাসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এতে বলা হয় নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫ (ক)–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা পাবেন।

Read full story at source